গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৩ জুন) বিকেলে ঐতিহাসিক লালদিঘী ময়দানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে মাঠের এক পাশে বড় আকারের মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এছাড়াও ১১ দলীয় শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ এ সমাবেশে অংশ নেবেন। সমাবেশকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিমও প্রস্তুত রয়েছে।
চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন বলেন, “বিভাগীয় সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল সমাবেশ আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। জনগণের বিভিন্ন দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন।”