সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দর প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের বিমানের টিকিটের দাম কমে গিয়েছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সিন্ডিকেট আবারও সক্রিয় হওয়ায় টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গ্যাস-বিদ্যুতের সংকটের কথা তুলে ধরে তিনি জানান, নির্বাচনের পর থেকে দেশের প্রতিটি সেক্টরে মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বহুগুণ বেড়ে গেছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা এখন নাভিশ্বাস অবস্থায় পৌঁছেছে। দ্রুত এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সরকারের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মক্কা প্যাক্ট’কে ইতিবাচকভাবেই দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ বিষয়ে দলের একটি বিশেষ উপ-কমিটি পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে বলেও জানান তিনি।