দেশের দুর্গম এলাকাসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা জোরদারে ২৪ লাখ মার্কিন ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। প্রাপ্ত সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার যন্ত্র, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় কোল্ড চেইন উপকরণ।

সোমবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই সহায়তার ঘোষণা দেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI 360, Jhpiego, JSI ও ইউনিসেফের যৌথ ব্যবস্থাপনায় এসব সরঞ্জাম দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের অংশ হিসেবে এই সহায়তা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এর আগে তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার সহধর্মিণী ডিয়ান ডাও এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তারা সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন।