দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। তিনি উপজেলা চত্বরে একটি ফলদ ও একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগকে সফল করতে সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম নবী, ধামরাই পৌরসভার সচিব শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই থানা বিএনপি আতিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, পৌর বিএনপ মো. আনোয়ার জাহিদ তালুকদার, সহ-সভাপতি, পৌর বিএনপি আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি
এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত সর্বসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।