বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়ে প্রথমার্ধেই বড় পরীক্ষার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়লেও, তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ১-১ সমতায় থেকে বিরতিতে গেছে সেলেসাওরা।

নেইমারকে ছাড়া মাঠে নামা ব্রাজিল ম্যাচের শুরু থেকেই কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে। অন্যদিকে, আফ্রিকার পরাশক্তি মরক্কো শুরু থেকেই ছিল বেশ গোছানো ও আক্রমণাত্মক। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল মরক্কো। ডান প্রান্ত থেকে চমৎকার পাসিং ফুটবলে ব্রাজিলের ডি-বক্সে বল পেয়ে যান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। তবে তার নেওয়া শটটি শেষ মুহূর্তে শরীর দিয়ে ব্লক করে ব্রাজিলের নিশ্চিত রক্ষা করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিল। একটি দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল করার ভালো সুযোগ পেয়েছিলেন ইগর থিয়াগো। কিন্তু ডি-বক্সে সঠিক সময়ে লাফিয়ে উঠেও বলের সাথে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ব্রাজিল যখন খেলা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ম্যাচের ২১তম মিনিটে ডেডলক ভাঙে মরক্কো। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে মরক্কোকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

তবে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। সমতায় ফিরতে সেলেসাওদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ঠিক ১১ মিনিট পর, ম্যাচের ৩২তম মিনিটে ব্রাজিলের ত্রাণকর্তা হিসেবে হাজির হন ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ প্রান্ত থেকে মরক্কোর ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে এক বুলেট গতির শটে বল জালে জড়ান তিনি। এই দর্শনীয় গোলের মাধ্যমে ম্যাচে সমতা ফেরানোর পাশাপাশি ব্রাজিলের জার্সিতে নিজের ১০ম গোলটি উদযাপন করেন এই রিয়াল মাদ্রিদ তারকা।