উন্নয়ন ও অগ্রযাত্রার ২০ বছর পূর্ণ করল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা। দুই দশকের এই সুবর্ণ পথচলাকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এক আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এস এম সোবহানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ধনবাড়ী উপজেলার গত ২০ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, স্থানীয় সম্ভাবনা এবং ভবিষ্যৎ সমৃদ্ধির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ধনবাড়ীকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে ধনবাড়ী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো উপজেলা চত্বরজুড়ে ছিল উৎসবমুখর আমেজ। রঙিন বেলুন, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তোলা হয় পুরো অনুষ্ঠান।