আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী করা হয়েছে আবু সাদিক কায়েমকে। অফিশিয়ালি পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা থাকলেও অভ্যন্তরীণভাবে এই দুই নাম চূড়ান্ত করা হয়েছে।
উত্তরের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। সম্প্রতি 'ক্লিন ঢাকা' কর্মসূচি ও পরিবেশবান্ধব ব্যাগ বিতরণের মতো সামাজিক উদ্যোগে তার তৎপরতা দৃশ্যমান। অন্যদিকে দক্ষিণ সিটির প্রার্থী আবু সাদিক কায়েম ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সমন্বয়ক এবং ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তরুণ ভোটারদের মাঝে জনপ্রিয় এই মুখকে সামনে রেখে দক্ষিণ সিটিতে বিশেষ পরিকল্পনা করছে দলটি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। ইউনিয়ন থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে সাংগঠনিক প্রস্তুতি চলছে এবং অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।