দেশের আবাসন খাতে জটিল ও বাস্তবতাবিবর্জিত বিধিবিধানের কারণে তৈরি হওয়া সংকট নিরসনে ড্যাপসহ সব অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে সম্মিলিত রিয়েল এস্টেট ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় বক্তারা বলেন, আবাসন খাত বর্তমানে বহুমুখী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। নানা কঠিন বিধিনিষেধের কারণে ব্যবসা পরিচালনা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশাল সংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান জড়িত থাকায় এর নেতিবাচক প্রভাব সার্বিক অর্থনীতিতেও পড়ছে। তাই এ খাতকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।

মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. শহিদুল ইসলামের আহ্বানে আয়োজিত এই সভায় রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, এ এফএম ওবায়দুল্লাহ ও ড. মো. হারুন অর রশিদসহ পর্ষদের পরিচালকগণ ও বিভিন্ন অঞ্চলের ডেভেলপার ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।