রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত একটি আবাসন প্রকল্পের ভবনে লিফট ছিঁড়ে পড়ে শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে অবস্থিত প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার আট বছরের ছেলে মো. ওয়াসি। দুর্ঘটনার সময় মারাত্মক আঘাত পেয়ে নাইস আহমেদের দুই পা ভেঙে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান।

ভবনের বাসিন্দারা জানান, ফজরের নামাজ শেষ করে পঞ্চম তলা থেকে লিফটে উঠছিলেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে সিকিউরিটি গার্ড ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে ভেতর থেকে আহতদের উদ্ধার করেন। মিরপুর মডেল থানা-পুলিশ জানায়, খবরের সত্যতা নিশ্চিত করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।