রাজধানীর দক্ষিণ গুলশানে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য ও মদের অবৈধ মজুতের অভিযোগে 'টস বন্ড প্রাইভেট লিমিটেড'-এর চারটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ওয়্যারহাউজের সংখ্যা দুটি হলেও সরজমিনে অভিযান চালিয়ে মোট চারটি ওয়্যারহাউজে পণ্য মজুতের অস্তিত্ব পাওয়া যায়। অনুমোদনের বাইরে থাকা এসব স্থানে শুল্কমুক্ত পণ্য রাখার বৈধতা এবং সেখান থেকে কোনো পণ্য সরিয়ে ফেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা। কাস্টমস আইনের বিধান অনুযায়ী তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সবকটি ওয়্যারহাউজ সিলগালা থাকবে।

উল্লেখ্য, কূটনীতিকদের নামে বিশেষ সুবিধায় মদ এনে খোলাবাজারে বিক্রি করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে টস বন্ডের বিরুদ্ধে। এর আগেও ২০২৩ সালে ডিপ্লোম্যাটিক বন্ড সুবিধায় মদ আমদানি করে সরকারের প্রায় ২৪৯ কোটি টাকার রাজস্ব ক্ষতির প্রমাণ পেয়েছিল এনবিআরের শুল্ক বিভাগ।