কর্ণফুলী টানেলের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতের বেলা যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তবে এই সময়ে টানেল পুরোপুরি বন্ধ না রেখে একটি টিউব দিয়ে উভয়মুখী যান চলাচল সচল রাখা হবে।

সোমবার (২২ জুন ২০২৬) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৬ রাত টানেলের ভেতর এই বিশেষ ট্রাফিক ডাইভারসন ব্যবস্থা কার্যকর থাকবে। সময়সূচি: প্রতিদিন রাত ১১:০০ টা থেকে পরদিন ভোর ৫:০০ টা পর্যন্ত। চলাচলের নিয়ম: প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ার থেকে পতেঙ্গা অভিমুখী যেকোনো একটি টিউব উন্মুক্ত রেখে নিয়ন্ত্রিতভাবে উভয়মুখী যান চলাচল অব্যাহত রাখা হবে। অপেক্ষা করার সময়: রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন যানবাহনের চাপের ওপর ভিত্তি করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও চালকদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

নিরাপদ, নির্বিঘ্ন ও কার্যকর উপায়ে এই রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে টানেল ব্যবহারকারী চালক, যাত্রী ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।