শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।সোমবার (২২ জুন) মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বসে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার চলমান বিশ্বকাপের ফুটবল খেলা দেখছিলেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা। খেলা শেষে গভীর রাতে সবাই বাড়ি চলে যান। এরপরই খালি কার্যালয়ে প্রবেশ করে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় একদল দুষ্কৃতকারী। এ সময় তারা কার্যালয়ে থাকা নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন বাইরে ফেলে দেয়।
বিষয়টি টের পেয়ে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পাহারাদারদের তৎপরতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মীরা বিষয়টি উপজেলা নেতৃবৃন্দ ও থানা পুলিশকে অবহিত করেন। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা পুরাতন চেয়ার ও ফেস্টুনের কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, “স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পেয়েছি। আমাদের ধারণা, রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরোধী দলীয় লোকজন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং দলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, নলমুড়ি ইউনিয়নে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।