জয়পুরহাটে সড়ক ও রেলপথে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালের দিকে জেলার পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন—রাশেদুল ইসলাম জনি (৪২) ও আশরাফুল ইসলাম (২৩)। এদের মধ্যে রাশেদুল ইসলাম পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা গ্রামের বাসিন্দা। অন্য নিহত আশরাফুলের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং রাজশাহীতে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রাশেদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে পাঁচবিবি বাজারের নাঙ্গলহাটি এলাকা পার হচ্ছিলেন। এ সময় একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছিল। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ ও ট্রাকটি হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ধীরগতিতে ছেড়ে যাচ্ছিল। এ সময় প্ল্যাটফর্মের উত্তর দিকে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা আশরাফুল অসাবধানতাবশত ট্রেনের পেছনের একটি বগির নিচে পড়ে যান। ট্রেনের চাকায় কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।