চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) উচ্চপর্যায়ের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' (Innovation on a Broader Scale) শীর্ষক এ গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনটি শুরু হয়। সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য দেন।
গ্লোবাল এই প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানরা অংশ নিয়েছেন। সেশনে উপস্থিত ছিলেন:
লি কিয়াং: প্রধানমন্ত্রী, চীন, কিম মিন-সিওক: প্রধানমন্ত্রী, দক্ষিণ কোরিয়া, ওলজাস বেকতেনভ: প্রধানমন্ত্রী, কাজাখস্তান, উছরাল নিয়াম-ওসর: প্রধানমন্ত্রী, মঙ্গোলিয়া, মিলোজকো স্পাজিচ: প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রো, আমাদু ওউরি বাহ: প্রধানমন্ত্রী, গিনি
এই আন্তর্জাতিক সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
এছাড়া সেশনের নির্ধারিত বিরতিতে অংশ নেওয়া বিশ্বনেতারা একসঙ্গে একটি অফিশিয়াল ফটোসেশনে অংশ নেন।