চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী নিউ মার্কেটের দোতলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ ও আপ্রাণ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দোতলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকান থেকে হঠাৎ তীব্র ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে শিবগঞ্জ উপজেলা থেকে ২টি এবং নাচোল থেকে আরও ১টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনসাধারণের সহায়তায় নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ প্রায় ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, "সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার বিষয়টি জানতে পারি। তারপর প্রাথমিকভাবে আমাদের ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে শিবগঞ্জ ও নাচোল উপজেলা থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। ব্যাপক চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।"
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।