ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং রাঙামাটিতে দলের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (২৬ জুন) ঢাকাসহ সারা দেশের সব জেলা ও মহানগরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরের বিক্ষোভ মিছিলটি শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২০ জুন মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যুবদল নেতা জালাল আহমেদ খোকন তালুকদার। এর আগে দলটি মামলা প্রত্যাহারের জন্য বুধবার (২৪ জুন) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মামলাটি প্রত্যাহার না হওয়ায় নতুন করে এই বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।