রাজধানীর যাত্রাবাড়ী থানার সেকেন্ড অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে লাবু কাজী (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি তার কাছ থেকে এক ভুক্তভোগীর আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার লাবু কাজী নিজেকে যাত্রাবাড়ী থানার সেকেন্ড অফিসার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে

তোতা মিয়া নামক এক ব্যক্তির কাছ থেকে ‘ভিকটিম উদ্ধারের’ কথা বলে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া। মিলন নামে এক ব্যক্তিকে থানা থেকে ‘মুক্ত করার’ প্রলোভন দেখিয়ে তার ভাইয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়া। থানার আশপাশের ফলের দোকান, আবাসিক হোটেল, ফুটপাতের দোকান ও আড়ত থেকে নিয়মিত পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায় করা।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত লাবু কাজীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।