চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে।

বৈঠকের আগে, শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় চীনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। অনুষ্ঠানস্থলে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফরের উল্লেখযোগ্য দিকগুলো হলো, বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে পৃথক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে মূল বক্তব্য রাখেন। এছাড়া তিনি চীনের বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি এবং বড় অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে তাঁরা ইতিবাচক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। এরপর তিনি চীনের দালিয়ানে ‘সামার দাভোস ২০২৬’-এ অংশ নেন এবং বুধবার বেইজিং পৌঁছান। বেইজিংয়ে তাঁকে লালগালিচা সংবর্ধনাসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। মাত্র ২৫ সদস্যের সংক্ষিপ্ত প্রতিনিধি দল নিয়ে সফররত প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা আজ শুক্রবার বিকাল ৫টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে কথা রয়েছে।