বিশ্বের ৪৮টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, দেশের সংস্কৃতিকে সম্পূর্ণ নতুন উচ্চতায় এবং নতুন মাত্রায় এগিয়ে নেওয়া হবে।
শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এ লক্ষ্য অর্জনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।”
বর্তমান সরকার জনগণের ভোটে সরাসরি নির্বাচিত উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা ব্যর্থ হওয়ার জন্য আসিনি, দেশের জনগণের কল্যাণই আমাদের প্রধান কাজ। পূর্ববর্তী সময়ের ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে সবকিছু নতুন করে সাজানো হচ্ছে, কারণ দেশের প্রায় সব প্রতিষ্ঠানই ভেঙে পড়েছিল।”
বৃক্ষরোপণ শেষে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ, পুলিশ সুপার আশিস বিন হাসান এবং জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।