দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম।
শুক্রবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বর মাস থেকে ইউনিয়ন পর্যায় থেকে এই প্রতিযোগিতার মূল আসর মাঠে গড়াবে। নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রসার ঘটাতে ও প্রযুক্তি আসক্তি কমাতে সরকার জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করছে। এখন থেকে চতুর্থ শ্রেণি থেকে প্রতিটি শিক্ষার্থীকে পাস করার জন্য মাঠে এসে প্রশিক্ষণে অংশ নিতে হবে।
রেজিস্ট্রেশন: ১ জুলাই ২০২৬ থেকে শুরু। অংশগ্রহণ: ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ইউনিয়ন পর্যায়ে অংশ নিতে পারবে।ইভেন্ট: ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট। ব্যাপ্তি: দেশের ৪,৫০০টিরও বেশি ইউনিয়ন থেকে হাজার হাজার দল গঠন করা হবে।
খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জুলাই মাসের পর নতুন করে আরও ২০০ জন খেলোয়াড়কে পেশাদারিত্বের আওতায় আনা হবে। এর ফলে মোট ৫০০ জন খেলোয়াড় নিয়মিত ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড সুবিধা পাবেন, যাতে তারা খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় দেশের ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ১৪টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।