নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং মাদকের বিরুদ্ধে রাজধানী ঢাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বিকেলে বনানী থানা ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি বনানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বনানী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম জিহান।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী অঙ্গসংগঠন ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনসহ সর্বত্র যে নৈরাজ্য এবং টেন্ডারবাজি-চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল, দেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নিষিদ্ধ হওয়ার পরও তাদের যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত কঠোরহস্তে দমন করা হবে।

সমাবেশে বনানী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম জিহান তাঁর বক্তব্যে বলেন, "আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তরুণ সমাজকে ধ্বংস করতে তারা পরিকল্পিতভাবে মাদকের জাল বিস্তার করেছিল। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বনানী থানা এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবে না। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে সদা জাগ্রত থাকবে।

বিক্ষোভ মিছিলে বনানী থানা ছাত্রদল ও এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেন। মিছিল থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে এবং মাদকমুক্ত সমাজ গড়ার পক্ষে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।