সরকার কওমী মাদরাসার শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে প্রাথমিকভাবে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়ার আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম এ তথ্য জানান।
অনুষ্ঠানে এনামুল হক এনাম বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কওমী শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। মাদরাসার প্রচলিত ধর্মীয় শিক্ষার পাশাপাশি কওমী শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি পটিয়ায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি শামসুল আলম ও সালমা গ্রুপের চেয়ারম্যান শামসুল আলম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দের মধ্যে খোরশেদ আলম, নুরুল আবছার, মোহাম্মদ আলী, বদিউল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ইমতিয়াজ হোসেন বেলাল, আবু তাহের সওদাগর, শফিকুল আলম চেয়ারম্যান, মঈনুল আলম ছোটন, মাওলানা লুৎফুর রহমান, মুফতি এমদাদ উল্লাহ, কারী মো. লোকমান, মুফতি শোয়াইব, মনজুর আলম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় শিক্ষার সঙ্গে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন, যা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে সহায়তা করবে।