দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সংসদ নেতা বলেন, “আমাদের দলের মূল দর্শন হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। দেশের প্রতিটি অর্জন ও প্রতিটি ইতিবাচক সাফল্য প্রকৃতপক্ষে এদেশের সাধারণ মানুষেরই অর্জন।”
প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রম ও সফল সফরের প্রসঙ্গ টেনে বলেন, এসবের মাধ্যমে অর্জিত যেকোনো ইতিবাচক ফলাফল একান্তই বাংলাদেশ ও দেশের জনগণের সম্পদ। দেশের সামগ্রিক কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপে সংসদ সদস্যদের গঠনমূলক সমর্থন ও উৎসাহের প্রশংসা করেন তিনি।
এ সময় বিরোধীদলীয় নেতাসহ সংসদের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জনগণের পক্ষে কাজ করার এই যাত্রায় সংসদ সদস্যদের এই ইতিবাচক ও সহযোগিতামূলক মনোভাব সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি তাদের আন্তরিক সাধুবাদ জানাই।”
দেশের স্বার্থ রক্ষায় সরকার সর্বদা আপসহীন থাকবে বলে আশা ব্যক্ত করে তিনি সংসদ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় অগ্রগতি অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।