বলিউড সুপারস্টার সালমান খানের দীর্ঘ ক্যারিয়ারে অনেকের সাথেই প্রেমের গুঞ্জন শোনা গেছে, তবে তার প্রথম প্রেমিকা ছিলেন প্রচারের আলোর বাইরের একজন নারী—শাহীন জাফরি। জানা গেছে, বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির আপন মাসি ছিলেন শাহীন।
বলিউড সূত্রে তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় মাত্র ১৯ বছর বয়সে শাহীন জাফরির প্রেমে পড়েন সালমান। তখনো সালমানের চলচ্চিত্রে অভিষেক হয়নি। সালমানের পরিবারের সদস্যরাও তাদের সম্পর্কটি বেশ পছন্দ করতেন এবং তারা চেয়েছিলেন সালমান-শাহীন বিবাহবন্ধনে আবদ্ধ হোক। কিন্তু দীর্ঘস্থায়ী সেই সম্পর্ক একপর্যায়ে ভেঙে যায়।
শাহীন জাফরি ছিলেন প্রখ্যাত অভিনেতা অশোক কুমারের নাতনি। কিয়ারা আদভানির মা জেনি জাফরি এবং শাহীন জাফরি সম্পর্কে আপন বোন। সেই সূত্রে কিয়ারা আদভানি হলেন শাহীন জাফরির ভাগ্নি। অতীতে এক সাক্ষাৎকারে শাহীনের মা ভারতী জাফরি জানিয়েছিলেন, ১৯ বছর বয়সে সালমান ও শাহীন নিয়মিত একে অপরের বাড়িতে যাতায়াত করতেন।
সালমান খান চলচ্চিত্রে প্রবেশের পর মডেল ও অভিনেত্রী সংগীতা বিজলানির সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সেই সময়ই শাহীনের সাথে তার সম্পর্কের অবসান ঘটে। পরবর্তীতে সংগীতার সাথে সালমানের সম্পর্ক প্রায় ১০ বছর স্থায়ী ছিল, এমনকি তাদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়েছিল। পরবর্তীতে ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফসহ অনেকের নাম সালমানের সাথে জড়িয়েছে, তবে প্রথম প্রেমের সেই স্মৃতি আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয়। বর্তমানে শাহীন জাফরি তার স্বামী ও সংসার নিয়ে লোকচক্ষুর অন্তরালে জীবনযাপন করছেন।