দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী কোর্টনি কক্স এবং ‘স্নো প্যাট্রোল’ ব্যান্ডের মিউজিশিয়ান জনি ম্যাকডেইড। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৩ সালের শেষের দিকে এক হাউস পার্টির মাধ্যমে পরিচিত হন কোর্টনি ও জনি। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তারা প্রেমের সম্পর্কে জড়ান। সম্পর্কের ৯ মাসের মাথায় বাগদান সারলেও ২০১৫ সালে প্রথমবার তাদের বিচ্ছেদ হয়। তবে ২০১৬ সালে তারা পুনরায় একত্রিত হয়েছিলেন।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ইউএস ওপেনে তাদের শেষবার একসঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল। এর আগে জুলাই মাসে জনির ৪৮তম জন্মদিনে কোর্টনি ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা পোস্ট করলেও, পরবর্তী দীর্ঘ সময়ে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। ২০২৪ সালের এপ্রিলে এক চ্যাট শো-তে কোর্টনি জানিয়েছিলেন যে, তাদের আগের বিচ্ছেদটি কাপল থেরাপি সেশনের সময় হয়েছিল। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পার করার পর এবার তাদের সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ ঘটল।
হলিউডের এই জনপ্রিয় জুটির বিচ্ছেদের খবরে তাদের ভক্ত ও অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।