ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দম্পতি অভিনেতা গৌরব খান্না এবং অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা-এর দাম্পত্য জীবনে ভাঙনের সুর স্পষ্ট হয়েছে। দীর্ঘ ১০ বছরের সংসার জীবনের ইতি টেনে তারা এখন বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানা গেছে।

কিছুদিন আগেই ‘বিগ বস ১৯’-এ বিজয়ী গৌরব খান্নার সঙ্গে তার স্ত্রী আকাঙ্ক্ষার মতবিরোধের গুঞ্জন শোনা যাচ্ছিল। রিয়েলিটি শো চলাকালীন তাদের সন্তান নেওয়া বা না নেওয়া নিয়ে দৃষ্টিভঙ্গির ভিন্নতা ভক্তদের নজর কেড়েছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা নিজেই ‘লক-আপ সিজন ২’-এর মঞ্চে তাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি জনসমক্ষে নিয়ে আসেন।

আবেগপ্রবণ কণ্ঠে আকাঙ্ক্ষা জানান, তারা গত এক বছর ধরে আলাদা থাকছেন। তিনি বলেন, “খুব অল্প বয়সে, মাত্র ২৪ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। তাই নিজের জীবন বা স্বাধীনতা সেভাবে উপভোগ করার সুযোগই হয়নি। ১০ বছর একটি সম্পর্কে থাকার পর এখন আমি নিজেকে সময় দিতে চাই।” নতুন কোনো সম্পর্কে জড়ানোর বিষয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, আপাতত তিনি নিজের স্বাধীনতা উপভোগ করতেই বেশি আগ্রহী।

এর আগে গত জানুয়ারি মাসে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তখন বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার ছিল না। তবে বর্তমানে আকাঙ্ক্ষা নিশ্চিত করেছেন যে, তারা দুজনে মিলেই আইনিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের একসময় ‘সুখী দম্পতি’ হিসেবে সবাই জানত, তাদের এমন বিচ্ছেদের খবরে স্তম্ভিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

দাম্পত্য সম্পর্কে কথা বলার সময় অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়লেও, নিজের এই নতুন যাত্রায় তিনি একা এবং স্বাধীন থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানান। অভিনেতা গৌরব খান্না এ বিষয়ে এখন পর্যন্ত নীরবতা বজায় রেখেছেন।