নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান ও সম্প্রতি সম্পন্ন হওয়া একাধিক সড়ক নির্মাণ ও কার্পেটিং কাজের গুণগত মান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।বিভিন্ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ করেছেন এলাকাবাসী।
সম্প্রতি ডাহিয়া ইউনিয়নের বিয়াশ মাবিয়ার মোড় থেকে লালুয়া-পাঁচপাকিয়া পর্যন্ত সড়কের কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন নাটোর-৩ (সিংড়া)আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত মান নিশ্চিত করে সড়কের কাজ পুনরায় সম্পন্ন করার নির্দেশ দেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই ধরনের অভিযোগ ওঠা উপজেলার আরও একটি সড়ক নির্মাণকাজও পুনরায় সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।এতে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান ও সম্প্রতি সম্পন্ন হওয়া একাধিক উন্নয়নকাজের মান নিয়ে তাদের অভিযোগ রয়েছে। তাদের দাবি,কোথাও কোথাও নিম্নমানের কাজ করা হয়েছে বা এখনও হচ্ছে বলে তারা দেখতে পাচ্ছে।এ কারণে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে তদন্ত,নিয়মিত তদারকি এবং কার্যকর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার(২রা জুলাই-২০২৬)সংবাদ কর্মীরা সরজমিনে উপস্থিত হলে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জানায়,জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা উচিত নয়।তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যেসব কাজ নির্ধারিত মান অনুযায়ী হয়নি বলে অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই করে প্রয়োজন হলে পুনরায় সম্পন্ন করার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার, বাস্তবায়নকারী সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা হলে তাঁরা সংবাদ কর্মীদের জানায়,স্থানীয় সাংসদ এই অভিযোগ গুলো তদন্ত করে নির্ধারিত মান নিশ্চিত করার আদেশ দিয়েছেন,তদন্ত করে কাজ গুলোর সঠিক নির্ধারিত মান নিশ্চিত করা হবে।