মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় আয়োজিত এই সভায় পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সাবেক সিনিয়র সাংবাদিক সুমন চৌধুরী। তিনি বলেন, “প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে ছিনতাই, খুন ও ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” একইসঙ্গে তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান। তারা মাদক বিরোধী অভিযানে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, “মাদক নির্মূলে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সাংবাদিকদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং মাদক বিরোধী যেকোনো কর্মসূচিতে পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করবে।”
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোঃ আবদুল হালিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং সার্বিক পরিচালনায় ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা। সভায় ময়মনসিংহ ফুলপুর কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, বিশিষ্ট সাংবাদিক এম আর নাসির, মোঃ মোস্তাকিম খান ও সুলতানা সরকারসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাদকবিরোধী এই সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।