ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শনিবার (৪ জুলাই) বিকেল ৪টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি শেখ হাসিনার কড়া সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘‘আমি এই বছরেই ফিরব : শেখ হাসিনা — একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।’’

তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম, খুন ও দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ‘‘গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে এবং দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি আওয়ামী লীগকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার ক্ষোভের মুখে পালিয়ে গিয়ে এখন বিদেশে পাচার করা টাকার পাহাড়ের ওপর বসে দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের নতুন করে বিপদে ফেলার ভণ্ডামি করছেন তিনি।’’


সোহেল তাজ আরও মন্তব্য করেন, ‘‘আত্মসমালোচনা এবং আত্মউপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।’’

সোহেল তাজের এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং ভাইরাল হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৩৬ হাজারের বেশি রিঅ্যাকশন, প্রায় ১৩ হাজার মন্তব্য এবং ২ হাজারের বেশি শেয়ার হয়েছে।