বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে পেশাগত নিবন্ধনের দাবিতে আন্দোলনে নামছেন ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী। পেশাগত স্বীকৃতি না থাকায় দীর্ঘদিনের বঞ্চনা ও প্রশাসনিক জটিলতা নিরসনে বাংলাদেশ ডেন্টাল পরিষদ তিন দফা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্স সম্পন্ন করলেও তারা এখন পর্যন্ত বিএমডিসির নিবন্ধন পাননি। অথচ রাষ্ট্র অনুমোদিত এই দক্ষ জনশক্তিকে নিবন্ধন থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যা জনস্বার্থ ও স্বাস্থ্যসেবার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন: মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি থেকে নিবন্ধন ও প্র্যাকটিসের সুযোগ পেলেও ডেন্টাল ডিপ্লোমাধারীরা তা থেকে বঞ্চিত। স্বাস্থ্য অধিদপ্তর এবং আইন মন্ত্রণালয়ের ইতিবাচক সুপারিশ থাকা সত্ত্বেও প্রশাসনিক সিদ্ধান্তের অভাবে দীর্ঘ চার দশক ধরে তাদের নিবন্ধন প্রক্রিয়া ঝুলে আছে। নিবন্ধনের অভাবে অনেক ক্ষেত্রে প্রশিক্ষণবিহীন ব্যক্তিরা দন্তসেবা দিচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অথচ দক্ষ ডিপ্লোমাধারীরা আইনগত স্বীকৃতির অভাবে সেবা দিতে পারছেন না।
সংগঠনের পক্ষ থেকে ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’-এর আলোকে ডেন্টাল ডিপ্লোমা ডিগ্রিকে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ এবং সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ প্রদানের দাবি জানানো হয়েছে। এই দাবি বাস্তবায়নে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে:
১. ৭ জুলাই: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। ২. ১১ জুলাই: জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন। ৩. ১৫ জুলাই: কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় মহাসমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা।
সংবাদ সম্মেলনে নেতারা দ্রুত প্রশাসনিক জটিলতা দূর করে রাষ্ট্রের নিজস্ব অনুমোদিত এই দক্ষ জনশক্তির ন্যায্য পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান।