বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিরক্ষা পরিকল্পনা ও প্রস্তুতি জোরদার করার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামগ্রিক দক্ষতা ও সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এতে দেশের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অফিসার, জেসিও এবং সৈনিকদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “আপনাদের দায়িত্ব অত্যন্ত স্পর্শকাতর, গৌরবময় এবং চ্যালেঞ্জপূর্ণ। প্রতিকূল আবহাওয়া ও জটিল পরিস্থিতিতেও আপনারা যে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।”

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পিজিআর সদস্যরা ভবিষ্যতেও তাদের সততা ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখবেন। তিনি আরও বলেন, আগামী দিনে অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে পিজিআর নিজেদের সক্ষমতা আরও কয়েক ধাপ এগিয়ে নেবে এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।