পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ ও টেকসই অবকাঠামো নির্মাণে পোড়া ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
রবিবার (৫ জুলাই) সকালে গাজীপুরের গাছা থানার মৈরান এলাকায় অবস্থিত ‘রাজ কংক্রিট অ্যান্ড ব্লক’ উৎপাদনকারী কারখানা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি কারখানার আধুনিক উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং পরিবেশবান্ধব এই প্রযুক্তি নিয়ে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী বলেন, “কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশ দূষণ রোধ, কৃষিজমির সুরক্ষা, নির্মাণ ব্যয় হ্রাস এবং দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই শিল্পের টেকসই বিকাশে সরকার সব ধরনের প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।”
পরিদর্শনকালে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা সরকারি-বেসরকারি সকল উন্নয়ন প্রকল্পে কংক্রিট ব্লকের বাধ্যতামূলক ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর প্রসারে আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।