বলিউডে ২০০২ সালে ‘কোম্পানি’ ছবি দিয়ে রাজকীয় অভিষেক হয়েছিল বিবেক ওবেরয়ের। শুরুর আকাশছোঁয়া সাফল্যের পরই ২০০৩ সালে সালমান খানের সঙ্গে এক প্রকাশ্য বিবাদের জেরে রাতারাতি কোণঠাসা হয়ে পড়েন এই অভিনেতা। ক্যারিয়ারের সেই চরম দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন বন্ধু অক্ষয় কুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমারের সেই মহানুভবতার কথা প্রকাশ্যে আনলেন বিবেক।

বিবেক জানান, কাজহীন সেই হতাশাজনক সময়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই অক্ষয় কুমার তাকে ফোন করেন এবং কোথায় আছেন তা জানতে চান। বিবেক বলেন, “আমি বলেছিলাম বাড়িতে আছি, খুবই ভেঙে পড়েছি। আধ ঘণ্টার মধ্যেই তিনি আমার বাড়িতে চলে আসেন এবং আমার সমস্যার কথা ধৈর্য ধরে শোনেন।”

বিবেককে সান্ত্বনা দেওয়ার সময় অক্ষয় কুমার কোনো মিথ্যা প্রতিশ্রুতির আশ্রয় নেননি। বিবেক জানান, অক্ষয় তাকে বলেছিলেন, “আমি এই পরিস্থিতি বদলাতে পারব না, কিন্তু তোমার মানসিকতা ইতিবাচক করার চেষ্টা করতে পারি।” অক্ষয় কুমার কোনো গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার কথা না বলে জীবনবোধের খুব সহজ একটি পথ দেখিয়েছিলেন, যা বিবেকের জন্য সেই সময়ে অনেক বড় পাওয়া ছিল।

বলিউডের অলিখিত ‘বয়কট’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসা বিবেকের জন্য মোটেও সহজ ছিল না। শত প্রতিকূলতার মধ্যেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে ‘ওমকারা’ ও ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’-র মতো সফল ছবিতে নজর কেড়েছেন তিনি। তবে এর মাঝেও তাকে অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়েছে। বিবেক জানান, অনেক সময় অনেক নির্মাতা তাকে সরাসরি বলেছেন, “তোমার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু পারছি না, খুব চাপ রয়েছে।”

সেই কঠিন অভিজ্ঞতার কথা মনে করে বিবেক আজ অক্ষয় কুমারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিকূল সময়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া অক্ষয়ের সেই পরামর্শই বিবেককে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছিল।