টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকারের চাপায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নেকিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই নারী নেকিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চলন্ত একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।