বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও বড়পর্দায় ফিরছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে। ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। সিনেমাটিতে শাহরুখ ও সুহানার পাশাপাশি অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ‘কিং’-এর শুটিং সেট ও শাহরুখ-সুহানার কাজের রসায়ন নিয়ে মুখ খুলেছেন।
বাবা হিসেবে শাহরুখ খান যে অত্যন্ত যত্নশীল, তা জানালেন খরাজ। তিনি বলেন, “মেয়ের প্রথম সিনেমা বলে শাহরুখ খান সুহানাকে সবটা গাইড করছেন। খুব কেয়ারিং তিনি। মেয়েকে সবটাই নিজে অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন।” খরাজ আরও জানান, সিনেমার একটি দৃশ্যে সুহানার শুয়ে থাকার প্রয়োজন ছিল। সে সময় মাথা কীভাবে হেলিয়ে রাখতে হবে—এমন সূক্ষ্ম বিষয়গুলোও শাহরুখ নিজে অভিনয় করে সুহানাকে শিখিয়েছেন। একজন অভিনেতা হিসেবে সুহানার পারফরম্যান্সে যাতে কোনো ত্রুটি না থাকে, সেদিকে সমান গুরুত্ব দিচ্ছেন শাহরুখ।
শাহরুখ খানের কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ খরাজ মুখার্জি। তিনি বলেন, “অসাধারণ অভিজ্ঞতা। দারুণ মানুষ শাহরুখ খান। কাজ পাগল মানুষ, কাজ ছাড়া কিছুই বোঝেন না তিনি। সেটে তিনি যতক্ষণ থাকেন, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেন না। তিনি জোরে কথা বলেন না, তাই বাকিরাও সেটে নিস্তব্ধতা বজায় রেখে কাজ করেন।” খরাজ জানান, শাহরুখের কাজের সময়সূচি ছিল দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত, যা তার জন্য বেশ সুবিধাজনক ছিল।
শুটিং শেষে শাহরুখের কাছে একটি অটোগ্রাফের আবদার করেছিলেন খরাজ মুখার্জি। সেই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “আমি শাহরুখজিকে বললাম, আপনি তো চরিত্রের লুকে আছেন, তাই আপনার সঙ্গে ছবি তোলা যাবে না। তবে একটা অটোগ্রাফ কি পাব? আমি এই স্মৃতিটুকু কাছে রাখতে চাই।” খরাজ জানান, শাহরুখ নিজে থেকেই এগিয়ে এসে তাকে অটোগ্রাফ দিয়েছেন।
শুধু তাই নয়, সুজয় ঘোষের মাধ্যমে খরাজ মুখার্জির অভিনয়ের প্রশংসা করে শাহরুখ খান বলেন, “আপনার অভিনয়ের অনেক প্রশংসা শুনেছি।” খরাজ মজা করে তাকে বলেছিলেন, “আপনার সঙ্গে কাজ করলাম, এটা তো অনেকের কাছেই স্বপ্ন। আমি না আবার অনেকের ঈর্ষার কারণ হয়ে যাই!” শুনে শাহরুখ বিনয়ের সঙ্গে হেসে উত্তর দেন, “না না, একেবারেই নয়।”
উল্লেখ্য, ‘কাহানি’খ্যাত পরিচালক সুজয় ঘোষের চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন গৌরী খান। আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে শাহরুখ ও সুহানা অভিনীত এই সিনেমা।