টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের গরম বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—উপজেলার গরম বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে শামীম মন্ডল (৩৫) এবং বকুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাবাড়ি ইউনিয়নের গরম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মধুপুর থানা পুলিশ। এ সময় ওই দুই কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।