রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ সক্রিয়ভাবে অংশ নেয়। বিভাগভিত্তিক গ্রেপ্তারের তালিকায় দেখা গেছে, মিরপুর বিভাগ: ১২০ জন, তেজগাঁও বিভাগ: ৫৯ জন, মতিঝিল বিভাগ: ৪৫ জন, উত্তরা বিভাগ: ৪৩ জন, লালবাগ বিভাগ: ৩৬ জন, রমনা বিভাগ: ৩৫ জন, গুলশান বিভাগ: ৩২ জন, ওয়ারী বিভাগ: ৩১ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি): ৫ জন।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, একটি চাকু, একটি অ্যান্টি কাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, দরজা ও জানালায় ব্যবহৃত ১৫টি পুরাতন অ্যালুমিনিয়াম ফ্রেমের টুকরা এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা।
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।