বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মিশরের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের একাদশে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মিশরের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে।
আগের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে জয় পাওয়া একাদশ থেকে তিন খেলোয়াড়কে পরিবর্তন করে দল সাজানোর পরিকল্পনা করছেন কোচ।
ফাকুন্দো মেদিনার পরিবর্তে বাঁ দিকের রক্ষণে ফিরতে পারেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। থিয়াগো আলমাদার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। লাউতারো মার্তিনেজের পরিবর্তে শুরুতে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে।
আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর সাংবাদিক গাস্তন এদুলও সামাজিক যোগাযোগমাধ্যমে এই তিন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিট লড়াইয়ের পরও লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কোচ স্কালোনি। ৩৯ বছর বয়সী মেসি এখন দারুণ ছন্দে আছেন। আসরের চার ম্যাচে সাত গোল করে তিনি বর্তমানে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের সাথে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক); নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে মিশন এবার চতুর্থবার বিশ্বকাপ জয়ের। গ্রুপ পর্বে টানা তিন জয়ের পর কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয় আত্মবিশ্বাস জুগিয়েছে আর্জেন্টিনাকে। মিশরের বিপক্ষে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করাই এখন মেসিদের মূল লক্ষ্য।