ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে এক যুবককে অপহরণ, শারীরিক নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ জুন রাতে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন আব্দুল্লাহ আল ফাহাদ খান (২৫)। এসময় কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে চোখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়।
অভিযোগ রয়েছে, প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং ব্যাবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় তাদের ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।
এ ঘটনায় আব্দুল্লাহ আল ফাহাদ খান ধামরাই থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাঈদ আল হাসান শাকিল (২৯), মো. সবুজ ওরফে সাগর (৩০), মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) এবং মো. মোশারফ আলী (৩৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।