খুব শীঘ্রই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’। জাদুঘরটির সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এর পরিচালনার জন্য একটি নতুন কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অগোছালো ভাব ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে জাতীয় সংসদেও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।" তিনি আরও জানান, খুব দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং এর পরিচালনা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।
ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "বিগত ১৮ থেকে ২০ বছরে দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচার ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের তোয়াক্কা না করে বিভিন্ন ক্ষেত্রে প্রহসন চালানো হয়েছে। বর্তমান সরকার দেশের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
পরিদর্শনের সময় মন্ত্রী কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহারের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য, কুমিল্লা-৬ আসন। সাবিনা আলম, মহাপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর। রোজী আক্তার, জেলা প্রশাসক, কুমিল্লা।
এছাড়া স্থানীয় প্রশাসন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
শুক্রবার (১০ জুলাই) কুমিল্লা জাদুঘর ও ঐতিহাসিক শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।