প্রচলিত প্রথা ভেঙে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্সগুলো থেকে অর্থ বের করে গণনা কার্যক্রম শুরু হয়।
মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা স্বচ্ছ করার লক্ষ্যে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কমিটিতে রয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, মাজার মাদরাসা ও মসজিদের প্রতিনিধি এবং মোতোয়াল্লি পরিবারের সদস্যরা। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন সিলেটের জেলা প্রশাসক।
এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের ৮টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার এবং দুটি সৌদি রিয়াল পাওয়া যায়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদানসহ মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় মাজারের নামে জমা রাখা হয়েছিল।
মাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের গণনা শেষে মোট কত টাকা জমা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং প্রাপ্ত অর্থ বরাবরের মতোই ব্যাংকে জমা দেওয়া হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।