বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রতীক্ষিত বন্দি বিনিময় চুক্তিটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত ও কার্যকর হলে মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি বন্দিরা মানবিক বিবেচনায় নিজ দেশে ফিরে অবশিষ্ট সাজা ভোগের সুযোগ পাবেন।

শুক্রবার (১০ জুলাই) মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশন জানায়, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুক্তিটি দ্রুত কার্যকর করতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুক্তিটি সই হলে তা দুই দেশের আইনি ও মানবিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে, বন্দিদের মানসিক উন্নয়ন ও সমাজে পুনর্বাসনের ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বন্দিদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালদ্বীপের মাফুশি কারাগার পরিদর্শন করেছে। পরিদর্শনকালে কারাগারে আটক ৪৪ জন বাংলাদেশি বন্দির সাথে তারা সরাসরি কথা বলেন। এদের মধ্যে ৩৪ জন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন রয়েছেন।

পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রতিটি বন্দির স্বাস্থ্যসেবা, খাদ্য, পোশাক এবং সামগ্রিক কারাগারের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে মালদ্বীপের কারা কর্তৃপক্ষের সঙ্গে আয়োজিত এক বৈঠকে বন্দিদের প্রাপ্য সুবিধাসমূহ দ্রুত নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, “বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশির মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।”