দেশের ইতিহাসে একক সড়ক দুর্ঘটনায় সর্বাধিক প্রাণহানির ঘটনা ছিল চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডি। ২০১১ সালের ১১ জুলাই ঘটে যাওয়া সেই হৃদয়বিদারক ঘটনার ১৫ বছর পার হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। 

উল্টো চলতি বছরের ছয় মাসেই সড়ক দুর্ঘটনায় ৩৬০ জন শিক্ষার্থী অকালে প্রাণ হারিয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিবৃতিতে এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক নিরাপত্তা নিয়ে নিয়মিত ও কার্যকর কর্মসূচির অভাবে প্রতিবছর অগণিত শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করে দুঃসহ জীবন কাটাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কেবল দায়সারা কর্মকাণ্ড নয়, বরং শিক্ষার্থীদের সচেতন করা ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি পাঠ্যপুস্তকে নিরাপত্তা শিক্ষা অন্তর্ভুক্তিসহ স্থানীয়ভাবে ‘রোড সেফটি গার্ড’ ও প্রতিটি বিদ্যালয়ে নিরাপত্তা কমিটি গঠনের জোরালো দাবি জানিয়েছে।