কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি (৭৪) ইন্তেকাল করেছেন। রোববার (১২ জুলাই) সকালে কাতারের আমিরে দেওয়ান এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আমিরে দেওয়ানের বিবৃতিতে জানানো হয়, আল্লাহর অমোঘ বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে রাষ্ট্র তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং জাতির জন্য এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে।
শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে আধুনিক কাতারের রূপকার হিসেবে বিবেচনা করা হয়। তাঁর শাসনামলেই কাতার বিশ্বমঞ্চে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এক শক্তিশালী অবস্থানে উন্নীত হয়। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর কারণ বা জানাজা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। প্রতিবেদনটি আপডেট করা হচ্ছে।