বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ সামনে রেখে নিজেদের দীর্ঘদিনের বেসক্যাম্প কানসাস সিটিকে বিদায় জানালেন লিওনেল মেসি ও তার দল। বিশ্বকাপ অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটির কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার ছিল আর্জেন্টিনা দলের মূল ঘাঁটি।
সোমবার কানসাসে শেষবারের মতো অনুশীলন সেরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিদায়লগ্নে কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন অধিনায়ক মেসি লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ কানসাস! আমাদের যাত্রা এখনও অব্যাহত আছে।’
টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলে আর্জেন্টিনা দল কানসাসের এই ক্যাম্পে ফিরে এসে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিত। যদিও নকআউট পর্বে এসে সেই রুটিনে কিছুটা পরিবর্তন আসে। তবে সেমিফাইনালের আগ পর্যন্ত কানসাসই ছিল মেসিদের প্রধান আস্তানা। চিরাচরিত বিদায়ী বারবিকিউ আয়োজনের মধ্য দিয়ে তারা নিজেদের এই বেসক্যাম্প ত্যাগ করছে।
আগামীকাল দিবাগত রাতে আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আজই কানসাস ছেড়ে আটলান্টার উদ্দেশ্যে রওনা হবে আলবিসেলেস্তেরা। ফাইনালে উঠতে পারলে তাদের পরবর্তী গন্তব্য হবে নিউজার্সি, আর সেমিফাইনালে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে তাদের যেতে হবে মায়ামিতে। তাই ইংল্যান্ডের বিপক্ষের সেমিফাইনাল ম্যাচটিই কানসাসের ঘাঁটিতে প্রস্তুতির ইতি টেনে ফাইনালে ওঠার লড়াই।