ফুটবল উন্মাদনা ও লিওনেল মেসিকে কেন্দ্র করে চিত্রনায়ক ওমর সানী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের মজার ‘বাকযুদ্ধ’ এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। মেসির ওপর ভিত্তি করে দেওয়া এক মন্তব্যের জেরে জয় যখন ওমর সানীকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেন, তখন সানী পাল্টা রসিকতা করে জানালেন ‘অরিজিনাল চাবুক’ আনার কথা।
নিজের ফেসবুক পেজে ওমর সানী লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’ তবে শেষদিকে তিনি ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ লিখে এটি যে নিছকই বন্ধুত্বপূর্ণ খুনসুটি, তা স্পষ্ট করেছেন।
মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে এই হাস্যরসের সৃষ্টি। সেখানে মেসির প্রশংসা করতে গিয়ে ওমর সানীর কোনো একটি মন্তব্যকে পুঁজি করে জয় ফেসবুকে লেখেন, সানী নাকি মেসিকে ‘প্রতিবন্ধী’ বলেছেন। একই সঙ্গে জয়ের তীর্যক মন্তব্য ছিল—নব্বইয়ের দশকের সিনেমাগুলোতে মৌসুমী কেন ওমর সানীকে চাবুক মারতেন, সেটি তিনি এখন বুঝতে পেরেছেন!
জয়ের এই পোস্টটি ছড়িয়ে পড়লে ওমর সানী পাল্টা জবাব হিসেবে ‘চাবুক’ আনার বিষয়টি সামনে আনেন। দুই তারকার এই খুনসুটি মুহূর্তেই নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ওমর সানীর ওই পোস্টে ১৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং তিন হাজারের বেশি মন্তব্য পড়েছে। নেটিজেনদের বড় একটি অংশ এই পুরো বিষয়টিকে তারকাদের বন্ধুত্বপূর্ণ খুনসুটি হিসেবেই দেখছেন এবং বেশ উপভোগ করছেন।