সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তিনি বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। কেউ চাঁদাবাজির শিকার হলে অভিযোগ করলেই তার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বিকেলে বগুড়া শহরের কলোনি নর্থওয়ে মোটেলের অডিটোরিয়ামে আয়োজিত কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠন এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিটাগাং নুর মোটেলের স্বত্বাধিকারী আলহাজ ডা. মো. শাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার বলেন, প্রায় ৪০ লাখ মানুষের বগুড়া জেলায় পুলিশের সদস্যসংখ্যা মাত্র ২ হাজার ২০০ জন। এর মধ্যেও উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়েছে। সীমিত জনবল নিয়েও পুলিশ সাধারণ মানুষের জানমাল রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যারা অল্প টাকায় ধারালো অস্ত্র কিনে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। রাতের পুলিশের টহল আরও জোরদার করা হবে।
আসন্ন রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান পুলিশ সুপার। এ সময় উপস্থিত ব্যবসায়ী নেতারা তার আহ্বানের প্রতি সমর্থন জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র্যাব-১২, বগুড়া কোম্পানির অধিনায়ক ফিরোজ আহমেদ, বগুড়া চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আতিকুর রহমান বাদল, সহ-সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া মূক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীম এবং তাজমা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক শরিফুজ্জামান বাচ্চুসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।