গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্টেশন অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটি।

শনিবার সকালে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বা মাঝামাঝি এলাকায় ময়লার ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকদের দুর্ভোগ বাড়বে।

বক্তারা আরও বলেন, টঙ্গীর চেরাগ আলী এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও অসংখ্য মানুষ এই মহাসড়ক ব্যবহার করেন। এমন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ডাম্পিং করলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি যান চলাচলেও বিরূপ প্রভাব পড়বে। তারা অবিলম্বে প্রস্তাবিত ডাম্পিং স্টেশনটি জনবসতি ও শিল্পাঞ্চল থেকে দূরে পরিবেশসম্মত স্থানে স্থানান্তরের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

টঙ্গীর চেরাগ আলী এলাকায় মহাসড়কের পাশে বর্জ্য ফেলার বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের কারণে বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ ও দাবি উঠে এসেছে।