নওগাঁর রাণীনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নিশান আলী (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক নিশান আলী উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী কিশোরী তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে নিশান আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, ভুক্তভোগী কিশোরীর মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার তাকে আদালতে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!