রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা।
অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যান গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা পণ্যের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!